লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারিদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চুরি ও মাদক মামলার আসামি রাশেদকে গ্রেপ্তারের জন্য হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ ওই এলাকায় অভিযান চালান। এ সময় রাশেদ ও তার সহযোগীরা অতর্কিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে দুই কর্মকর্তা আহত হন। হামলায় এসআই রুহুল আমিন গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন