যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ার জেরে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আশরাফুল ইসলাম ওই বাজারেরই একজন নিয়মিত ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার শাড়াতলা বাজারে ব্যবসা করছেন আশরাফুল। ঘটনার রাতে তিনি একই এলাকার গোকর্ণ গ্রামের রিজাউল ইসলামের ছেলে আশাদুল ইসলামের (৪০) কাছে নিজের পাওনা ১৩ হাজার টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে বাগি¦ত-া শুরু হলে একপর্যায়ে আশাদুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, মারধরের সময় হামলাকারীরা তার পকেটে থাকা আরও ১৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত ব্যবসায়ীর পরিবার।
শার্শা থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন