বর্ষার শুরুতেই সাতক্ষীরার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা ও সড়কের বেহাল দশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি, ভাঙাচোরা সড়কগুলো কাদায় একাকার হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তিতে।
সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় প্রতি বছরই বর্ষায় এখানে পানি জমে। ফলে শিশুরা ভিজে কাপড় ও বই-খাতা নিয়ে কোনোমতে যাতায়াত করছে। এমনকি বিদ্যালয়ের টয়লেটে যাওয়ার পথও ডুবে থাকায় শিক্ষার্থীদের চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, মাঠ ভরাট ও সীমানা প্রাচীরের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অন্যদিকে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর-রুইয়ারবিল-চাকলা সড়কের দুই কিলোমিটার অংশ ২০০৯ সালের আইলার পর থেকে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে কাদার কারণে সাধারণ ভ্যান বা মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে, যা তাদের জন্য চরম অপমানজনক ও কষ্টদায়ক।
তালার তেঁতুলিয়া ইউনিয়নের দুর্বাডাঙ্গা গ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। গোপালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ বলেছে, রাস্তায় কাদা থাকলে স্কুলে আসার দরকার নেই।
সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছাতে না পারার ভয়ে তারা অতিরিক্ত টাকা খরচ করে কেন্দ্রের পাশে রুম ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এ স্থানীয়দের অভিযোগ, গত ২০ বছর ধরে টেকসই কোনো সংস্কার কাজ হয়নি, শুধু দায়সারা মেরামত করা হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী রাস্তা নির্মাণের দাবিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ জানিয়েছেন, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন। বরাদ্দ পাওয়া সাপেক্ষে সংস্কারের আশ্বাস মিললেও স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ কমছে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন