× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:১৩ এএম

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালের পথে পিএসজি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:১৩ এএম

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালের পথে পিএসজি

পুরো ম্যাচে বল দখল থেকে আক্রমণÑ সব জায়গায় এগিয়ে থেকেও সুযোগ নষ্ট করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবু দুই অর্ধে করা ২ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল ফরাসি ক্লাবটি। বিপরীতে আক্রমণে নিষ্প্রভ থাকা লিভারপুল ম্যাচজুড়ে নিজেদের খুঁজেই ফিরেছে। বুধবার রাতে নিজেদের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচের শুরুতেই দিজিরে দুয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান খাভিচা কাভারাৎসখেলিয়া। ম্যাচের পরিসংখ্যানেই স্পষ্ট দুই দলের ব্যবধান। প্রায় ৭৫ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় পিএসজি, যার ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে লিভারপুল দ্বিতীয়ার্ধে মাত্র তিনটি শট নিতে পারে, কোনোটি ছিল না লক্ষ্যে। তবে ব্যবধান আরও বড় হতে পারত। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছে পিএসজি, যার মধ্যে উসমান দেম্বেলেই মিস করেন তিনটি পরিষ্কার সুযোগ। ফলে দুই গোলের ব্যবধানেই বেঁচে থাকে লিভারপুলের সম্ভাবনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচে হারল লিভারপুল। প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হারার পর, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ১১তম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে দেম্বেলে বল হারালেও দ্রুতই পুনরুদ্ধার করে দল। সেই বল থেকেই দূরপাল্লার শটে জাল খুঁজে নেন দুয়ে। ৩২তম মিনিটে আবারও সুযোগ তৈরি করে স্বাগতিকেরা। কাভারাৎসখেলিয়ার শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক জর্জি মামারদাশভিলি। পাঁচ মিনিট পর সময়মতো এগিয়ে এসে দুয়ের আরেকটি প্রচেষ্টা নষ্ট করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে বড় সুযোগ পান দেম্বেলে। পাল্টা আক্রমণে দুয়ের পাস পেয়ে ফাঁকা জায়গায় থেকেও গোলরক্ষকের দিকেই শট নেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুল কিছুটা চেষ্টা করলেও তা ছিল ছন্নছাড়া। ৪৯তম মিনিটে তাদের প্রথম শটটি নেন উগো একিটিকে, তবে সেটিও লক্ষ্যে ছিল না। এর পরপরই পিএসজি আবারও সুযোগ তৈরি করে, কিন্তু দেম্বেলের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৫তম মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে পিএসজি। বাঁ দিক থেকে জোয়াও নেভেসের নিখুঁত পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন কাভারাৎসখেলিয়া। এরপর রক্ষণের চাপ সামলে গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর কিছু পর বড় বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। ওয়ারেন জাইরে-এমেরিকে ফাউল করে পেনাল্টি দেয় রেফারি, তবে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ইব্রাহিমা কোনাতের দারুণ ট্যাকলেই রক্ষা পায় ইংলিশ ক্লাবটি। শেষ দিকে আরও দুটি সুযোগ পায় পিএসজি। দেম্বেলের শক্তিশালী শট পোস্টে লাগে, পরে জাইরে-এমেরির প্রচেষ্টাও ঠেকানো হয়। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। দুই গোলের ঘাটতি পুষিয়ে সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে ভিন্ন এক লিভারপুলকেই দেখা লাগবে।

রূপালী বাংলাদেশ

Link copied!