ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর কারণ জানাল আইসিসি

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩৫ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধিদল। সফরটি ঘিরে নানা আলোচনা ও জল্পনা-কল্পনার মধ্যে এবার এর উদ্দেশ্য স্পষ্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সুশাসন ও নির্বাচনি বিষয় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনি বিষয় নিয়ে আলোচনা করতে আইসিসি নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধিদলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এএস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।’

আইসিসি আরও জানায়, প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সফর-সংশ্লিষ্ট যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

সাম্প্রতিক সফরে আইসিসির প্রতিনিধিরা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, কমিটির অন্যান্য সদস্য, আগের বোর্ডের কয়েকজন পরিচালক, আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, আগামী রোববার অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এ নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও।