স্পট ফিক্সিং, অর্থ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে তদন্তের মুখে থাকা আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি অবশেষে কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন। ফলে শনিবার জার্মানির বিপক্ষে আইভরি কোস্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা থাকছে না তার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)।
এর আগে চলমান আইনি জটিলতার কারণে ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফরাসি সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ শুরুতে ওয়াহির ভিসা অনুমোদনে অনীহা দেখায় এবং তার বিরুদ্ধে চলমান তদন্তসংক্রান্ত অতিরিক্ত নথিপত্র জমা দিতে বলে। পরে সব তথ্য যাচাই-বাছাই শেষে তাকে কানাডায় প্রবেশের অনুমোদন দেওয়া হয়।
গত মাসে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ ওয়ানে স্পট ফিক্সিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ওয়াহিকে। ফরাসি ফুটবল কর্তৃপক্ষের দাবি, মে মাসে ওজিসি নিসের হয়ে এফসি মেত্জের বিপক্ষে ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে একটি হলুদ কার্ড দেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর বেটিং বাজারে অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তদন্ত শুরু হয়।
বর্তমানে মার্সেই প্রসিকিউটরস অফিস ওয়াহির বিরুদ্ধে সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। ভিসা-সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় এখন জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিতে কোনো বাধা নেই এই ফরোয়ার্ডের। জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওয়াহির অন্তর্ভুক্তি আইভরি কোস্ট শিবিরে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

