চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুক্রবার রান পাহাড় তাড়া করতে নেমে শেষপর্যন্ত লড়াই করল বাংলাদেশ। তবে সেই লড়াই সিরিজ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ১৯৬ রানের জবাবে বাংলাদেশ থামে ১৮৯ রানে। ৭ রানের এই নাটকীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের পকেটে পুরল সফরকারীরা।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বোলিংয়ে নেমে শুরুতেই অজি শিবিরে কাঁপন ধরায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। জশ ইংলিসকে (নাসুম আহমেদ), কুপার কনোলিকে (নাহিদ রানা) এবং অজি অধিনায়ক মিচেল মার্শকে (মুস্তাফিজুর রহমান) দ্রুত ফিরিয়ে ম্যাচে চালকের আসনে বসেছিল স্বাগতিকরা।
তবে সেই বিপর্যয় থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলেন ম্যাট রেনশ। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ঝড়ো জুটি। ডেভিড ২৬ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ রান করে বিদায় নিলেও রেনশ ছিলেন অপরাজিত। তার ৫২ বলে ৮৯ রানের (৪টি চার ও ৫টি ছক্কা) বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ১৯৬ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। শেষদিকে জোয়েল ডেভিস ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এ ছাড়া নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট পান।
১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ১৫ বলে ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৭২ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিল টাইগাররা।
সাইফ হাসান এক প্রান্ত ধরে রেখে ৩৩ বলে ৪২ রান করেন। অন্য প্রান্তে পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৬ এবং সৌম্য সরকার করেন ১৫ রান। কিন্তু বাংলাদেশের ইনিংসে বড় ধাক্কা আসে ১২.৫ ওভার থেকে ১৩.২ ওভারের মধ্যে। মাত্র ৪ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান ইমন ও সাইফ বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে বাংলাদেশ। ১৩০ থেকে ১৩৪ রানের মধ্যে দুই থিতু হওয়া ব্যাটারÑ ইমন ও সাইফের বিদায়ই বাংলাদেশের রান তাড়ার গতি থামিয়ে দেয়। শেষদিকে অধিনায়ক তাওহিদ হৃদয় ২২ বলে ৩৫ রান এবং আবদুল গাফফার সাকলাইন অপরাজিত ১৩ রান করে চেষ্টা চালালেও, অন্য ব্যাটারদের ব্যর্থতায় রান রেটের চাপ সামলানো সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারন হার্ডি ৪০ রানে ২ উইকেট নেন। এ ছাড়া নাথান এলিস, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস একটি করে উইকেট শিকার করেন।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৭ রানের এই আক্ষেপের হারে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের। ব্যাটিংয়ে দারুণ লড়াই আর পাওয়ার প্লের চমৎকার শুরুর পরও মাঝের ওভারগুলোতে উইকেট বিলিয়ে দেওয়ার মাশুল দিতে হলো স্বাগতিকদের।

