ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদ-পরবর্তী নিরিবিলি ভ্রমণ

মির্জা হাসান মাহমুদ
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৩৮ এএম

ঈদের আমেজ এখনো কাটেনি, তবে উৎসবের মূল ডামাডোল এখন অনেকটাই স্তিমিত। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ঈদের ছুটিতে অনেকেই শহর ছেড়েছিলেন। যান্ত্রিকতা থেকে মুক্তি এতে অনেকে ভ্রমণ নিয়েও ব্যস্ত হয়েছেন। তবে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর উপচেপড়া ভিড়ের জন্য সেই মুক্তি হয়তো অনেকের কাছেই পূর্ণতা পায়নি। দেশের জনপ্রিয় স্পটগুলোতে এখনো পর্যটকদের ভিড় লেগেই আছে। যারা এই ভিড় এড়িয়ে একটু নির্জনে প্রকৃতির সান্নিধ্য পেতে চান, তাদের যাওয়া প্রয়োজন এমন গন্তব্যে যেখানে আর কোনো যান্ত্রিকতা নেই, আছে কেবল অকৃত্রিম প্রশান্তি। ঈদ-পরবর্তী সময়ে আপনার ভ্রমণকে আনন্দময় ও নিরিবিলি করতে বেছে নিতে পারেন দেশের এই চারটি অনন্য পর্যটনকেন্দ্র।

নেত্রকোনার সাদা মাটির পাহাড়

আমাদের দেশের উত্তর-পূর্বাঞ্চলে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর। আর এখানেই লুকিয়ে আছে প্রকৃতির অদ্ভুত সুন্দর সৃষ্টি। তা হলোÑ বিজয়পুরের সাদা মাটির পাহাড়। সচরাচর আমরা পাহাড় বললেই সবুজের আস্তরণ বুঝি, কিন্তু এখানকার চীনা মাটির পাহাড়ের রূপ একেবারেই ভিন্ন। পাহাড়ের নিচে রয়েছে নীল কিংবা সবুজ রঙের পানি। মাটির ধবধবে সাদা রঙের মাঝে নীলচে আভা আপনাকে এক মায়াবী জগতের অনুভূতি দেবে।

এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে একদিকে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় আর অন্যদিকে দুর্গাপুরের সমতল ভূমির মিলনমেলা দেখা যায়। পাহাড়ের ভাঁজে ভাঁজে জমে থাকা বৃষ্টির পানি এখানে নীল পানির হ্রদ তৈরি করেছে। এই নীল পানির স্বচ্ছতা এতই বেশি যে, মুহূর্তেই মনের সব অবসাদ ধুয়ে যায়।

যেভাবে যাবেন : ঢাকা থেকে সরাসরি বাসে বা ট্রেনে করে নেত্রকোনা যাওয়া যায়। তবে ভ্রমণের আভিজাত্য আর আরামের কথা চিন্তা করলে ট্রেনই হবে সবচেয়ে জুতসই বাহন। মোহনগঞ্জ এক্সপ্রেসে করে নেমে সেখান থেকে নৌকা বা অটোতে করে সোজা চলে যেতে পারেন দুর্গাপুর। একদিনের ঝটিকা সফরেও এই এলাকাটি ঘুরে আসা সম্ভব।

স্বপ্নের মনপুরা দ্বীপ

যাদের মন সমুদ্রের বিশালতা ও বনের রহস্যময়তা দুই-ই খোঁজে, তাদের জন্য ভোলার মনপুরা দ্বীপ হতে পারে স্বর্গরাজ্য। কক্সবাজার বা কুয়াকাটার ভিড় যখন দমবন্ধ হয়ে আসে, তখন মনপুরার নির্জন সৈকত আপনাকে দেবে রাজকীয় একাকিত্ব। চারদিকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি দিয়ে ঘেরা এই দ্বীপটি মূল ভূখ- থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এখানে নেই কোনো বিলাসবহুল হোটেলের ঝলক, নেই কোনো যান্ত্রিক কোলাহল। আছে শুধু মাইলের পর মাইল বন, যেখানে হরিণের দেখা মেলাটাও স্বাভাবিক। বিকেলে দ্বীপের পশ্চিম আকাশে টকটকে লাল সূর্যটা সাগরে ডোবে। আপনার মনে হবে কোনো বিখ্যাত শিল্পীর আঁকা ক্যানভাসে আপনি দাঁড়িয়ে আছেন।

যেভাবে যাবেন : মনপুরা যেতে হলে জলপথই একমাত্র ভরসা। ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায় মনপুরার উদ্দেশে। লঞ্চের ডেকে বা কেবিনে বসে নদীর রূপ দেখতে দেখতে ভোরের আলোয় পৌঁছে যাবেন স্বপ্নের দ্বীপে। থাকার জন্য সরকারি ডাকবাংলো বা স্থানীয় সাধারণ মানের হোটেলই আপনার সঙ্গী হবে, যা ভ্রমণের স্বাদকে আরও আদিম ও রোমাঞ্চকর করে তুলবে।

সুনামগঞ্জের নীলাদ্রি লেক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত শহিদ সিরাজ লেক, যা পর্যটকদের কাছে নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। ভারতের সীমান্ত ঘেঁষা এই লেকটিকে অনেকে বাংলার কাশ্মীর বলে অভিহিত করেন। পাহাড়ের পাদদেশে নীলচে পানির এই লেকটি এতটাই শান্ত যে, এখানে বসে থাকলে সময়ের জ্ঞান হারিয়ে যায়। নীলাদ্রি লেক ভ্রমণে গেলে আপনি একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর এবং যাদুকাটা নদীর রূপ উপভোগ করতে পারবেন। হাওরের স্বচ্ছ পানি আর হিজল-করচের বন পার হয়ে যখন আপনি পাহাড়ের কোলে এই লেকের দেখা পাবেন, তখন ভ্রমণের সার্থকতা খুঁজে পাবেন। পাহাড়ের বুকচিরে নেমে আসা ঝরনা আর সীমান্তের ওপারে মেঘালয়ের মেঘে ঢাকা পাহাড়গুলো যেন একে অপরের পরিপূরক।

ভ্রমণ টিপস : সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইক বা লেগুনা রিজার্ভ করে নীলাদ্রি যাওয়া যায়। তবে বর্ষার শেষ দিকে বা শরতের শুরুতে এই লেকের রূপ সবচেয়ে বেশি খোলে। ঈদ-পরবর্তী সময়ে এখানে পর্যটকের ভিড় তুলনামূলক কম থাকে বলে আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন।

বগা লেক ও সাঙ্গু নদী

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে বান্দরবান সবসময়ই আরাধ্য। তবে বান্দরবানের আসল সৌন্দর্য লুকিয়ে আছে দুর্গম পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২৪৬ ফুট উঁচুতে অবস্থিত বগা লেক বা বগাকাইন হ্রদ প্রকৃতির এক বিস্ময়। আগ্নেয়গিরির জ্বালামুখে সৃষ্ট এই লেক নিয়ে স্থানীয় উপজাতিদের মাঝে প্রচলিত আছে ড্রাগনের উপকথা।

সাঙ্গুর মোহময় যাত্রা : বান্দরবানে সাঙ্গু নদী দিয়ে নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। দুই পাশে খাঁড়া পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির সাঙ্গু আপনাকে মনে করিয়ে দেবে পৃথিবীর কোনো এক অচেনা ভূখ-ের কথা। বগা লেকে যাওয়ার পথে চান্দের গাড়ির দুলুনি আর পাহাড়ের খাঁজ দিয়ে মেঘের আনাগোনা আপনার স্নায়ুকে শিহরিত করবেই।

রাত্রিযাপন ও ট্রেকিং : বগা লেকের পাড়েই আদিবাসীদের তৈরি সুন্দর সুন্দর কটেজ রয়েছে। রাতের নিস্তব্ধতায় লেকের পাড়ে বসে বারবিকিউ আর আকাশভরা তারা দেখার আনন্দই আলাদা। আর যদি সামর্থ্য থাকে, তবে বগা লেক থেকে কেওক্রাডং চূড়া পর্যন্ত ট্রেকিং করা হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

পরামর্শ

ভ্রমণ কেবল একটি গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো যাত্রাপথকে উপভোগ করা। ঈদ-পরবর্তী সময়ে নির্ঝঞ্ঝাট ভ্রমণের জন্য নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

পূর্ব পরিকল্পনা : দুর্গম বা নিরিবিলি এলাকায় যাওয়ার আগে আবহাওয়া এবং যাতায়াত ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। ইউটিউব বা ট্রাভেল ব্লগগুলো এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।

স্থানীয় গাইড : পাহাড় বা বিচ্ছিন্ন দ্বীপে ভ্রমণের সময় স্থানীয় কাউকে গাইড হিসেবে সঙ্গে রাখা নিরাপদ। এতে পথ হারানোর ভয় থাকে না এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কেও জানা যায়।

প্রয়োজনীয় রসদ : এসব জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা কম থাকতে পারে। তাই প্রয়োজনীয় ওষুধ, পাওয়ার ব্যাংক, এবং শুকনো খাবার সঙ্গে রাখুন।

পরিবেশ রক্ষা : মনে রাখবেন, আপনি প্রকৃতির অতিথি। তাই প্লাস্টিক বা ময়লা ফেলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না।

শারীরিক সুস্থতা : পাহাড় বা ট্রেকিং স্পটে যাওয়ার আগে নিজের শারীরিক সক্ষমতা যাচাই করে নিন। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।

ভ্রমণ হোক আত্মার খোরাক। যান্ত্রিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে এই ঈদ-পরবর্তী অবসরে হারিয়ে যান সবুজের সমারোহে বা নীল জলের নির্জনতায়। প্রকৃতি আপনার জন্য তার দুয়ার খুলে অপেক্ষায় আছে।