বদলি সরকারি চাকুরির একটি স্বাভাবিক নিয়ম, কিন্তু কিছু বিদায় শুধু কর্মস্থলের পরিবর্তন নয়, বরং গভীর ভালোবাসার বাঁধন ছিঁড়ে যাওয়ার বেদনাবিধুর গল্প তৈরি করে। তেমনই এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হলো কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমকে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রূপ নেয় কাপাসিয়ার সাংবাদিক ও সাধারণ মানুষের ভালোবাসার এক মিলনমেলায়।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
অন্যান্যদের মধ্যে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের স্মৃতি চারণ ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন— কাপাসিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামিম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ, সাংবাদিক গোলাম সারোয়ার, কাপাসিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিপন এবং সাংবাদিক মাহাবুর রহমান প্রমুখ।
আবেগঘন এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অশ্রুসিক্ত ও আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী অতিথি ডা. তামান্না তাসনীম। সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যেখানেই থাকি কাপাসিয়াকে নিয়ে ভাবনা আমার মধ্যে সর্বদাই কাজ করবে। এই এলাকার মানুষের আতিথেয়তা, শ্রদ্ধা ও সম্মান আমাকে মুগ্ধ করেছে। আমার চাকরি জীবনে কাপাসিয়া সাংবাদিকদের এই আয়োজন, এতো সম্মান আর কোথাও পাইনি। আমি কাপাসিয়া সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেখানেই যাই, কাপাসিয়াকে আদর্শ হিসেবে বুকে ধারণ করে দেশ সেবায় এগিয়ে যাবো।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডা. তামান্না তাসনীম কাপাসিয়ায় শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেননি, তিনি ছিলেন একজন জনবান্ধব, মানবিক ও দূরদর্শী অভিভাবক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তার আন্তরিক সহযোগিতা কাপাসিয়াবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজ কোনোদিন ভুলবে না।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাপাসিয়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রিয় বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। এক বুক শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা বিদায় জানান তাদের অত্যন্ত প্রিয় এই প্রশাসনিক কর্মকর্তাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন