মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মাহবুবুল আলম ও তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মাগুরা জেলা জজ আদালতের সামনে ‘জোহা ভবন’ নামের ওই বিল্ডিংয়ে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে দুর্বৃত্তরা আগুন ধরিয়েছে। আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে দ্রুত পৌঁছে পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভবনটি বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পায়। তবে পুরো শহরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী বজলু বলেন, প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো আগুন। পরে পানির বোতলে তেল দেখে বুঝতে পারি এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।
ভবনের বিপরীত পাশে থাকা ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন, কেউ বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন