ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি তার জন্মস্থান নলছিটি পৌরশহরে স্থানীয় ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান (ওষুধের দোকান ছাড়া) বন্ধ রেখে শোক পালন করেছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এ মাটির সন্তান। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আমাদের গর্ব। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসাপ্রতিষ্ঠান ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
শহরের ব্যবসায়ী মো. ইমরান হোসেন বলেন, ওসমান হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ জন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন