লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তিনবিঘা করিডর এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোর ৫টার দিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে ৫১ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি বিএসএফকে জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। বিকেলে তিনবিঘা করিডর এলাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন এবং ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা নেতৃত্ব দেন। বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১০ জন করে সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, আটক বিএসএফ সদস্য জানিয়েছেন—কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন