বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়তি চাপ দেখা দিয়েছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত মহাসড়কের উভয় লেনে শত শত যানবাহন আটকে পড়ে। দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ বা ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে লাঙ্গলবন্দ ব্রিজের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হলে যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও বাড়তি যানবাহনের চাপে কাঁচপুর-মোগরাপাড়া অংশে যানজট আরও দীর্ঘ হয়।
যাত্রী আব্দুল্লাহ আল আমীন বলেন, মদনপুর থেকে সায়দাবাদের উদ্দেশে রওনা দিয়েছি। প্রায় এক ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বর্তমানে যে যানজট রয়েছে, তা মূলত যানবাহনের বাড়তি চাপের কারণে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

