বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মোক্তার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি চৌকস টিম গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত মঙ্গলবার নিহতের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান কবির জানান, এর আগে গ্রেপ্তার হওয়া গাড়িচালক সানোয়ার হোসেন ও তার সহযোগী সাকিবকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে পিন্টু আকন্দকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে হত্যা করে আদমদীঘি উপজেলার কুমারপুর এলাকায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এখন পর্যন্ত এই মামলায় সর্বমোট ছয় জন আসামি গ্রেপ্তার হয়েছে বলে দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন