কুমিল্লার লাকসামে ভাইয়া গ্রুপের মানবিক সংগঠন আলি আরা ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোকছেদ আলীর নিজ গ্রাম ডুরিয়া বিঞ্চুপুরে সংগঠনের কর্ণধার মারুফ সাত্তার আলী রাসেলের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই সমাজের হতদরিদ্রদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে আলি আরা ফাউন্ডেশন। পাশাপাশি এ সংগঠনটি দেশের বিভিন্নস্থানে মানবিক কার্যক্রম পরিচালনাও করছে।
ডুরিয়া বিঞ্চুপুর গ্রামের হতদরিদ্র মো. আনা মিয়া কম্বল পেয়ে বললেন, ‘এই কম্বল পেয়ে আমি অনেক খুশি। এ বছর কোম্পানির সাহেবের ছেলে ছাড়া আর কেউই খোঁজ নেয়নি।’ একই গ্রামের দুদু মিয়া বলেন, ‘এবারের শীতটা খুব বেশি। এই কম্বল পেয়ে বেশ উপকার হবে।’

প্যাসিফিক কনজ্যুমার গুডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ বলেন, ‘আলি আরা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এ সংগঠন দেশের সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাগবে প্রতিনিয়ত কাজ করছে। আগামী দিনেও মানবিক এ সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন: প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ, ভাইয়া গ্রুপের জিএম এইচআর এডমিন মাহফুজুল ইসলাম চৌধুরী, হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল ও মো. আদম আলী, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূইয়া মিল্টন, ভাইয়া গ্রুপের সিকিউরিটি কর্মকর্তা মো. সুলতান আলম, হাজী মোকছেদ আলী টাওয়ারের ম্যানেজার মো. জসিম উদ্দিন, মো. কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন