ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব পেশায় একজন ব্যবসায়ী। তার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং সম্পদ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা। তার স্বামী আ স ম আব্দুর রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা এবং সম্পদ ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা। এ হিসাবে তানিয়া রবের সম্পদ স্বামীর চেয়ে সাড়ে আট গুণ বেশি।
তানিয়া রবের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রবের সহধর্মিণী। তারা রামগতি উপজেলার চরবাদাম গ্রামের মরহুম আলহাজ আলী আজমের বাড়ির বাসিন্দা।
তানিয়া রবের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা এবং বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার রয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার ৪৫ লাখ টাকা আমানত ও বিনিয়োগ রয়েছে। তার দুটি গাড়ি রয়েছে, যার মূল্য ৬১ লাখ ৬৫ হাজার টাকা। স্বর্ণসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা ও ১০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা।
এ ছাড়া স্থাবর সম্পত্তিতে তার ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিক বা বাণিজ্যিক ভবন রয়েছে। বাড়িসহ স্থাবর সম্পত্তির ভাড়া থেকে তার ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা আয় হয়। তার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং মোট সম্পদ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা। তিনি সবশেষ ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা আয়কর দিয়েছেন।
এদিকে, তানিয়ার স্বামী আ স ম আব্দুর রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা এবং সম্পদ ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে তার আর্থিক প্রতিষ্ঠানে ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা জমা রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানিতে তার শেয়ার রয়েছে ১ কোটি টাকা। ৩০ লাখ টাকা স্থায়ী আমানত রয়েছে। ১০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার আসবাবপত্র আছে। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের মূল্য ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ১১ লাখ ২৬ হাজার ৮০৩ টাকা। তিনি সবশেষ ৩ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা আয়কর দিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন