ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এ হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
উপজেলার গাছিরা সরাসরি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে উপজেলার সাফদারপুর বাজারে বিক্রি করেন। খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি ঝোলা গুড় ও দানা গুড় বেচাকেনার জন্য এই হাটের ঐতিহ্য রয়েছে শত বছরের। এবার গুড়ের সংখ্যা কম হওয়ায় গুড়ের দাম কম হচ্ছে বলে মনে করেন গুড় বিক্রেতারা।
প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা দরে গুড় মিললেও এবার খরিদদার বেশি হওয়ায় গুড়ের সংখ্যা কম বলে মনে করছেন গুড় ব্যবসায়ীরা। গুড়ের মান ভালো হওয়ায় প্রতি হাটে ৩০ থেকে ৩৫ লাখ টাকার গুড় বেচাকেনা হচ্ছে।
মাটির হাড়ির বা ভাঁড়ের আকার ও ওজন ভেদে দাম ওঠানামা করে। মান ভেদে একভাঁড় গুড় বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১৫০০ টাকায়। স্বাদে ও গন্ধে এখানকার গুড় অতুলনীয়। অন্যান্য বারের তুলনায় এবার খেজুর গুড়ের চাহিদা বেশি থাকায় দামও বাড়ছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর গুড়ের বেচাকেনা হয় এ হাটে। মৌসুমের প্রায় পুরো সময়জুড়েই হাজারও ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই হাট। স্থানীয় পাইকার, মহাজন ও বিভিন্ন মোকাম থেকে আসা বেপারিরা এমনটাই দাবি করেন। খেজুরের গুড় তৈরি করে তা থেকে জীবিকা নির্বাহ করেছেন উপজেলার কয়েক হাজার পরিবার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন