হিমালয়ের সান্নিধ্যের কারণে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত নিবারণের জন্য অনেকেই বাড়ির আঙিনা ও রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। বিকেল গড়াতেই হিমেল হাওয়ার দাপট বাড়ে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ কুয়াশায় ঢেকে যায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে শীত আরও প্রকট হয়ে ওঠে।
এই কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, চা ও পাথর শ্রমিক, রিকশা ও ভ্যানচালকরা। ঠান্ডার কারণে কাজে যেতে না পারায় অনেকের দৈনিক আয় কমে গেছে। নিম্ন আয়ের মানুষেরা পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
অব্যাহত শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে। অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কয়েক দিন ধরেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন