ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করা যাবে, বাধ্য করা যাবে না: জ্বালানি উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৫১ এএম
জ্বালানি সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত, তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত নয় এমন সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কেউ যদি ‘না’ ভোট দেন, তাকে বাধ্য করা যাবে না। ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও রাস্তা-ঘাট মেরামত করা হচ্ছে। এতে ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা হবে। এছাড়া নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভোটারদের আস্থা অর্জন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি এবং সুষ্ঠু গণভোট নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এরপর উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।