আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত এবং দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানোয় দলীয় প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচনি লড়াই কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
তার ভাষায়, ‘দল এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকার সুযোগ থাকত।’
এই পরিস্থিতিতে নির্বাচন চালিয়ে যাওয়াকে নীতিগতভাবে অসংগত মনে করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে যারা তার পাশে ছিলেন- মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রচারে যারা শ্রম দিয়েছেন, সাহস ও শক্তি জুগিয়েছেন—তাদের সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাকিল উজ্জামান তার পোস্টে জানান, তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নয়, বরং এলাকার সন্তান, ভাই ও সহযোদ্ধা হিসেবে জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন। ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় নীতিহীনতা ও রাজনৈতিক অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য সবার দোয়া কামনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
এ বিষয়ে শাকিল উজ্জামান মুঠোফোনে নিশ্চিত করে বলেন, আমি সত্যিই প্রার্থিতা প্রত্যাহার করছি। এই মর্মে সজ্ঞানে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছি।
উল্লেখ্য, টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন