আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর তার সফরকে ঘিরে জেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌছান তারেক রহমান। এরপর রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুরবাড়ি থেকে প্রচারাভিযান শুরু করেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে দলটি।
এদিন বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার পর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। পথে দুপুর ১টা থেকে ২টার মধ্যে মৌলভীবাজারের শেরপুর আইনপুর মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এরপর তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা বিএনপিসহ সাত উপজেলার নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষও এ জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা
জেলা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মঞ্চ নির্মাণের কাজও শেষ। নিয়মিত মাঠ পরিদর্শন ও প্রস্তুতি সভা করছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, শেরপুরের আইনপুর মাঠে একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে। আমরা লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এমন বড় কর্মসূচি হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সমাবেশটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
উল্লেখ্য, অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মৌলভীবাজারের শেরপুর এলাকা সফর করেছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন