সাভারের কালিয়াকৈর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানায়, ডাকাতরা চেষ্টা করলেও সফল হতে পারেনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৪টার দিকে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন-সাভার সড়কে কয়েকজন ডাকাত গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি চলছে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে ডাকাতরা গাড়িতে হামলা চালায় এবং গাড়ির জানালার কাচ ভেঙে যায়।
আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে গাড়ির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ডাকাতরা পুলিশ দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আমরা তাদের পিছু ধাওয়া করি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ভিডিওটি আমরা দেখেছি। তবে কোন সড়কের দৃশ্য তা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন