বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় ডাকসু নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও মর্মাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান। দুঃখ প্রকাশ করে তিনি নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাথরঘাটায় অনুষ্ঠিত ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। উদাহরণ হিসেবে তিনি ২০২১ সালের ২৫ ডিসেম্বর জাগোনিউজ২৪–এ প্রকাশিত ‘দিনে মাদকসেবীদের আড্ডা, রাতে যৌনকর্মীদের দখলে সোহরাওয়ার্দী উদ্যান’ শীর্ষক প্রতিবেদনের কথা উল্লেখ করেন।
এ ছাড়া অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মাদকসেবনে জড়িত থাকার ঘটনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে এবং সে সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে—এমন তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
তবে বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে তার শব্দচয়ন ও প্রকাশভঙ্গিতে অনিচ্ছাকৃত ভুল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এরকম অনভিপ্রেত ভুলের কারণে সংশ্লিষ্ট সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সমীচীন ভাষা ব্যবহারে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। নারী-পুরুষ নির্বিশেষে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও তাদের ভূমিকা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা জাগিয়েছে। রাজনৈতিক বক্তব্যে পারস্পরিক শ্রদ্ধা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

-20260125223656.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন