মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের হর্টিকালচার এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দর্শনা থেকে ছেড়ে আসা মায়া ট্রাভেলসের একটি বাস হর্টিকালচার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পাশ কাটাতে গিয়ে মায়া ট্রাভেলসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি তালগাছে ধাক্কা দেন। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের নিরাপদে সরিয়ে নেন।
এই দুর্ঘটনার কারণে মাগুরা–ঝিনাইদহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
মাগুরা সদর থানা পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে। মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকুনুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে ভারত থেকে ফিরছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। যাত্রীদের মালামাল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলো যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন