জয়পুরহাটে সরিষার খেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান।
নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান জানান, ‘তাইফ হাসান তার মায়ের সঙ্গে গত শনিবার ঢাকা থেকে বাসযোগে জয়পুরহাট শহরে আসে। পরে পানি পান করার কথা বলে সে হারিয়ে যায়। আজ রোববার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাইফ হাসানকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন