ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের একুইছড়া গ্রামে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঘটনা অনুযায়ী এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক দিয়ে সতর্কতা জারি করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয়দের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কেউ বলছেন বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান, নাটঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পথসভা শেষে রাত ১১টার দিকে কার্যালয়ে আগুন লাগার খবর পাই। অফিসের আশপাশের দোকানগুলোও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম বলেন, রাত ১টার দিকে বাজারে আগুনের খবর পাই। প্রথমে কেউ আগুন দেখতে পাননি। আবু হানিফ মাইক দিয়ে ডাক দেওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করছি, বিএনপির অফিসের বিদ্যুতের লাইন থেকে আগুন লেগেছে।
স্থানীয় বাসিন্দা মো. মনির বলেন, আমার বাড়ি বাজারের পাশে। রাতের অগ্নিকাণ্ডের পর আমি সেখানে গেলে আবু হানিফ জানালেন, বিদ্যুৎ থেকে আগুন লেগেছে। প্রশাসন রাতেই এসে তদন্ত করেছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও নবীনগর সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নান।
তিনি বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করেছি, আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী এবং কিছু সন্ত্রাসী বিভিন্ন স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দিচ্ছে, আমাদের ব্যানার নামাচ্ছে এবং লোকদের হুমকি দিচ্ছে। রোববার রাতেও একটি হুমকির পর একুইছড়া বিএনপির কার্যালয়ে আগুন লেগেছে। আমরা আশা করি, প্রশাসন অপরাধীদের আইনের আওতায় আনবে।
জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কিছুদিন আগে কোনাউর গ্রামে তারা নিজেরাই ধানের শীষের অফিসে আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। পরে প্রশাসন তদন্ত করে দেখেছে, তারা নিজেরাই আগুন দিয়েছে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, একুইছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন