সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩টি ফ্রেমে দেশ ও বিদেশে তার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের মূল প্রাঙ্গণে দিনভর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন।
এ ছাড়াও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি ঢাকার নাট্য সম্পাদক বিভান বাদল এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষের নেতা ছিলেন। তার প্রয়াণ বাংলাদেশের জন্য এবং গনতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমান সমাজের তরুণ প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন তুলে ধরার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে খালেদা জিয়া সম্পর্কে তরুণ প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন