ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত ভিন্ন ভিন্ন অভিযানে ভারতীয় মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিকেল ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তা সংলগ্ন স্থান থেকে হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভুট্টা খেতের মধ্য থেকে নায়েক মো. মাসুদ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া সকাল ৮টায় উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তা থেকে হাবিলদার মো. ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১টায় বেনীপুর বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে নবদূঘাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনসিরেক্স ও এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
আটককৃত পুরুষদের নাম ও ঠিকানা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আটককৃত সবাইকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন