ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালমোহন-তজুমদ্দিনের হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়।’
তিনি আরও বলেন, ‘বিগত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও জনগণ কোনো নতুন কিছু পায়নি। একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে।’
অধ্যাপক মুজিবুর রহমান জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করতে হবে, ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য থাকবে ফ্রি চিকিৎসা। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার দেশের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা উদ্ধার করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করা হবে।
তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।
ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ বক্তব্য রাখেন প্রার্থী নিজামুল হক নাইম।
এ ছাড়াও বক্তব্য রাখেন: বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন