ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনসিসি, পিএসসি আগামীকাল (৫ জানুয়ারি) হেলিকপ্টারযোগে বরগুনা সফরে আসছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্র জানায়, সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে অবতরণ করবেন। এরপর তিনি বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থ নৌ কন্টিনজেন্টে গমন করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে নৌবাহিনী প্রধান বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছাবেন। পরে ১২টা ৪০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এদিকে, নৌবাহিনী প্রধানের আগমন উপলক্ষে সার্কিট হাউজ মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবতরণকালে গণমাধ্যমকর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে ফুটেজ সংগ্রহ করতে পারবেন বলে সূত্রটি জানায়।
অবতরণকালীন ফুটেজ সংগ্রহ শেষে সংবাদকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে গমন করবেন। জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলন কক্ষে শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাপারসনরা ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ফুটেজ সংগ্রহ করবেন। এরপর তারা নিচতলায় সংবাদ সম্মেলনের নির্ধারিত স্থানে অবস্থান নেবেন।
নৌবাহিনী প্রধানের এই সফরকে কেন্দ্র করে বরগুনা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন