বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত সজীব প্রামাণিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজীব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের পালক মা জানান, বুধবার রাত ৩টার দিকে সজীব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিল। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।
নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত ৩টা পর্যন্ত সজীব বাড়িতে ছিল। সকালে জানতে পারি, সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।
স্থানীয়রা জানান, সজীব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ডাব গাছের গোড়ায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন