পরিবেশ রক্ষা, সুস্থ জীবনধারা এবং জনবান্ধব রাজনীতির বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের দর্শন তৃণমূল ও তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই র্যালির আয়োজন করা হয়।
'আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও সুশৃঙ্খল অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশবান্ধব কর্মসূচিতে।
সকাল ১০টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালির আনুষ্ঠানিক সূচনা হয়। সেখান থেকে সাতমাথা, সরকারি আজিজুল হক কলেজ এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় আলতাফুন্নেছা মাঠে এসে র্যালিটি শেষ হয়। এতে বগুড়া শহরের প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন ও উদ্যোমী সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজক নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তার রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবেশ সংরক্ষণ, যান্ত্রিক দূষণ কমানো এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন জীবনধারার দিকে উদ্বুদ্ধ করা। সেই দর্শনকে বাস্তব রূপ দিতে এই সাইকেল র্যালির আয়োজন। নেতারা আরও বলেন, যানবাহননির্ভর নগরজীবনে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সাইকেল চালনা একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে সুস্থ শরীর ও মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। তরুণদের হাতে পরিবেশ রক্ষার দায়িত্ব তুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপরেখা তারেক রহমান উপস্থাপন করেছেন, সেখানে টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসম্পৃক্ত রাজনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তার নেতৃত্বে একটি দূষণমুক্ত, মানবিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিটি কেন্দ্রীয় ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাদের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোসাদ্দেক রহমান সৌরভসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকদের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন পরিবেশবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে এবং তরুণ সমাজকে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন