নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় পৈত্রিক জমিজমাসংক্রান্ত পূর্বের বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০) ও শামীম মিয়া (২৩)-কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ৩ নারীসহ আরও ৭ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কচুয়ারচর নয়াবাড়ি গ্রামের সোহেল মিয়া ও তার চাচাতো ভাই জুলহাস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে বিরোধপূর্ণ জমির আইল কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের লোকজন আহত হন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন