ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার রাধাকানাই ইউনিয়নের চৌরঙ্গী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার চৌরঙ্গী পাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে মুস্তাকিম (৪) এবং একই উপজেলার ভাটিপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ (৬)। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় নবী হোসেন জানান, শিশু আব্দুল্লাহ সপ্তাহখানেক আগে মায়ের সঙ্গে চৌরঙ্গী পাড়ে তাঁর নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে দুই শিশু মিলে খেলছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর থানায় কেউ জানায়নি। তবে অন্য মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন