ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার একটি মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, হাফেজ আবদুল আলিম ভূঁইয়া (৫৮) হেসাখাল গ্রামের খামারপাড়া মজুমদারবাড়ি জামে মসজিদে পাঁচ বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ ফেব্রুয়ারি তিনি হেসাখাল বাজার ভোটকেন্দ্রে মহিলা বুথে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একজন এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তাকে ইমামের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা যায়।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম মজুমদার হেসাখাল ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি। মসজিদ পরিচালনা কমিটির কোনো দায়িত্বে না থেকেও তিনি দলীয় প্রভাব খাটিয়ে একক সিদ্ধান্তে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে দাবি করেন মসজিদ কমিটির সদ্য সাবেক সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম।
স্থানীয়দের ভাষ্য, ইমাম আবদুল আলিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ উত্থাপন না করেই তাকে সরিয়ে দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ করলে সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম ও স্থানীয় জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। পরে সেক্রেটারি মসজিদের মুতাওয়াল্লির কাছে অব্যাহতিপত্র জমা দেন।
ভুক্তভোগী ইমাম আবদুল আলিম বলেন, নির্বাচনের সময় তাকে জামায়াতের প্রার্থী ইয়াছিন আরাফাতের পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সেই দায়িত্ব পালন করেন। তার দাবি, ওই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই তাকে ইমামের পদ থেকে সরানো হয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসের আগে এভাবে চাকরি হারানোয় তার আট সদস্যের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মসজিদের সদ্য সাবেক সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিনা নোটিশে ও কোনো বৈঠক ছাড়াই ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত সাধারণত কমিটির আলোচনার মাধ্যমে নেওয়া হয়ে থাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল।
উপজেলা জামায়াতের নায়েবে আমির এস এম মহিউদ্দিনও ঘটনাটিকে সত্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইমামকে পুনর্বহাল করা হলে তার পরিবার উপকৃত হবে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম মজুমদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

-20260220113107.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন