দুর্নীতি ও মাদকের ব্যাপারে নিজের অবস্থান কঠোর হবে বলে ঘোষণা দিয়েছেন নেত্রকোণা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাছুম মোস্তফা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। যখন যেখানে সহযোগিতা লাগবে, আমি প্রস্তুত আছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বধলা উপজেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান।
মাছুম মোস্তফা বলেন, ‘আমি নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি—আমি কোনো দুর্নীতি করব না এবং আমার কাছে কেউ প্রশ্রয় পাবে না। আমি সকল সরকারি কর্মকর্তার কাছে এ বিষয়ে সহযোগিতা চাই। তাছাড়া বর্তমান সরকারও দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছে। কাজেই আমরা যদি সকলে মিলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পূর্বধলা গড়ে তুলতে পারি, তবে এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য হবে বলে আমি মনে করি।’
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সমস্যা নিয়ে মুক্ত আলোচনা হয়। হাসপাতাল, রাস্তাঘাট থেকে শুরু করে উপজেলার বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। এ বিষয়ে প্রধান অতিথি প্রত্যেকটি দপ্তরে আলাদাভাবে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান এবং সম্ভাবনাগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন