নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমন মোল্যা হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা ধানক্ষেতে পানি দেওয়ার জন্য নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। হাড়িগড়া বাসস্ট্যান্ডে মোড় ঘুরার সময় নসিমন উল্টে যাওয়ায় তিনি চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন