দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন সড়ক ধসের ঘটনায় সম্ভাব্য অনিয়ম ও গাফিলতির বিষয়টি তদন্ত করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান শেষে দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রায় ১৪ কোটি ও ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন দুটি প্রকল্পের আওতায় নির্মিত সড়কটি অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ২০২১-২২ অর্থবছরের এই প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত তিন দফা বাড়ানো হয়েছে, যা বিধিমালা অনুযায়ী হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।’
এনামুল হক জানান, ‘প্রাথমিকভাবে প্রকল্পের নকশা বা পরিকল্পনায় ত্রুটির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খালের ওপর বড় অবকাঠামো নির্মাণের পরও এত দ্রুত সড়ক ধসে পড়া অস্বাভাবিক। সাম্প্রতিক সময়ে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বিষয়টি আরও সন্দেহজনক বলে মনে করছে দুদক।’
তিনি আরও বলেন, ‘প্রকল্প সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে কোথায় গাফিলতি, ঘাটতি বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে কি না তা যাচাই করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পে তিনজন ঠিকাদার যুক্ত ছিলেন। কোথাও অবৈধভাবে কাজ হস্তান্তর করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। নথিতে কাজের অগ্রগতি ৬০ থেকে ৮৫ শতাংশ দেখানো হলেও সরেজমিনে অধিকাংশ কাজ সম্পন্ন রয়েছে। কিছু ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর ছাড়াই নমুনা অনুমোদনের অভিযোগও উঠেছে।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন এবং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে অনুসন্ধান চালান।
উল্লেখ্য, কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় প্যাকেজ নম্বর-৫ ও ১২-এর আওতায় সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল। প্রকল্পে ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণ অন্তর্ভুক্ত ছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় আড়াই কিলোমিটার সড়কের একটি অংশে নিচের মাটি সরে গিয়ে প্রায় ৩০ মিটার রাস্তা ধসে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন