ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চাঞ্চল্যকর শিশু তাবাসসুম (০৪) হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাকে আটক করা হয়। আটক আবু তাহের বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামের রফি উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি আবু তাহের পলাতক ছিল। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে বারোবাজার ও মহেশপুরের সাধারণ মানুষ। স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নিহত শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা মোল্লা পাড়ার দর্জি নজরুল ইসলামের কন্যা। নজরুলের স্ত্রী বারোবাজারের একটি এনজিওতে কর্মরত থাকায় তারা সেখানেই বসবাস করতেন। বুধবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার সকালে বাদেডিহি গ্রামের একটি স্কুলের পেছনে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে পুলিশ এসে বস্তাটি খুলে শিশু তাবাসসুমের নিথর দেহ উদ্ধার করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন