ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:১৪ পিএম
মরা মুরগির মাংস জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালী সদর উপজেলার পৌর এলাকার পুরান বাজারে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক শাহ সোয়েব।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুরান বাজারের আলামিন মুরগির আড়ত থেকে ৩৭টি মরা মুরগিসহ প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়। পরে সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়।

ঘটনাটি জনসমক্ষে আসার পর অভিযুক্তরা ৩৭টি মরা মুরগি নদীতে ফেলে দেন। তবে দোকান কর্তৃপক্ষ দাবি করেন, তারা যে ফার্ম থেকে মুরগি সংগ্রহ করেছিলেন, সেখান থেকেই ভুলবশত মরা মুরগিগুলো এসেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম জানান, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, ফার্ম থেকে জবাই করা মুরগি এনে বাজারে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।