নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন: কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আদর আলী (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫); জলঢাকা উপজেলার বাসিন্দা শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩) এবং নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন আলামত পাওয়া যায়। এ ছাড়া ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপ ও বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।
ডিবির ওসি মো. মতলুবর রহমান বলেন, উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার (১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন