জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রি তৃতীয় বর্ষ (২০২৩) শিক্ষার্থীরা চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেশনজটে ভোগা এসব শিক্ষার্থী জানান, দীর্ঘ প্রায় ছয় বছরেও তারা স্নাতক (ডিগ্রি) শিক্ষা সম্পন্ন করতে পারেননি।
সেশনজট, পরীক্ষা বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, রাজনৈতিক অস্থিরতা, করোনা মহামারি এবং সাম্প্রতিক গণআন্দোলনসহ নানা কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ডিগ্রি তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন-সংক্রান্ত ফলাফলে অনেক নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী অল্প নম্বরের ব্যবধানে অকৃতকার্য হয়েছেন।
এতে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
তাদের অভিযোগ, ফলাফল সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে মূল্যায়ন করা হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতা দেখার সুযোগ, পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল সংশোধন এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন, গ্রেস মার্ক দিয়ে পাস নিশ্চিত করা, এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা, পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ প্রদান এবং দ্রুত ফল প্রকাশ করে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করা।
শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন