চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
জানা যায়, আহত আজাদ ওই গ্রামের বদরউদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত হওয়া আজাদ জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি সীমান্তের কাছাকাছি এলাকায় নিজের আমবাগান দেখতে যান। ফেরার পথে হঠাৎ কয়েকজন লোককে দৌড়াতে দেখেন এবং কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার ধারণা, বিএসএফ অন্য কাউকে ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একদল লোক সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক চোরাচালানের চেষ্টা করছিল। সে সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে আজাদ আহত হন।
আরও জানা যায়, আহত অবস্থায় স্থানীয়রা আজাদকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, আহত যুবকের হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট ক্ষত চিহ্ন রয়েছে, যা ছররা গুলির আঘাত বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সীমান্তে গুলির খবর পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন