পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৮টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী এবং কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকেই এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নতুন পোশাক পরে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয়ভাবে এসব এলাকার মানুষ চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। জানা যায়, তারা প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন।
নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান, প্রতিবছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। প্রায় দুই শতাব্দী ধরে আমাদের এই প্রথা চলে আসছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন