ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের পীরের মুরিদ এবং ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত খলিফা মজনু মিয়ার স্ত্রী জয়গুন বিবি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মজনু মিয়ার মৃত্যুর পর বর্তমানে তার ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এই দায়িত্ব পালন করছেন।
রাশেদুল ইসলাম বাবু বলেন, জেলার বিভিন্ন স্থানে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। টবগী গ্রামে আমাদের বাড়ির আঙিনায় প্রথম জামাত ছাড়াও সকাল ৯টায় চৌকিদার বাড়ির জামে মসজিদে এবং সকাল সাড়ে ৯টায় পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি ও আব্দুল্লাহ মাঝি বাড়ি এবং লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলার যেসব গ্রামে ঈদ উদ্যাপিত হচ্ছে
ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর, বোরহানউদ্দিনের টবগী ও মুলাইপত্তন, তজুমদ্দিনের শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া, লালমোহনের পৌর শহর ও ফরাজগঞ্জ এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা।
উল্লেখ্য, সুরেশ্বর দরবারের পীরের মুরিদসহ চট্টগ্রামের সাতকানিয়া ও ভাণ্ডারী শরীফ পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

-20260320115532.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন