ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:৫০ এএম
ছবি : সংগৃহীত

কুমিল্লার দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মেইল ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী অভিমুখে যাচ্ছিল ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। রাত ৩টার দিকে বাসটি পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। 

এতে বাসটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে ইতোমধ্যে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করার কথা। যেহেতু ঈদের দিন রাতে দুর্ঘটনাটি ঘটেছে, তাই এখনও কোথাও বড় কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় বা ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটেনি।