রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন ব্যবহার করে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে নদীর তলদেশ থেকে উপরে তোলা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাসের সামনের অংশ তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। বাসের দরজা ভেঙে গেছে, আর ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য সামগ্রী ভেসে উঠছে। উদ্ধার তৎপরতার জন্য তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
ঘটনা ঘটে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে, যখন দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৭ জন সাঁতরে উদ্ধার হয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মৃত দুইজন হলেন, রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন