দিনাজপুরের কাহারোল উপজেলায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এনায়েতুল করিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের তেল নিতে পাম্পে যান। সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পাম্পে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

