মাগুরার শ্রীপুরে এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দোরাননগর গ্রামের চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে বড় ব্যারেলে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২২ লিটার ডিজেল উদ্ধার করা হলেও অভিযুক্ত নির্মল বিশ্বাস কেতু পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে জব্দকৃত তেলের বিষয়ে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেয় প্রশাসন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনসাধারণের উপস্থিতিতে সবার সম্মতিতে জব্দকৃত ডিজেল তৎক্ষণাৎ স্থানীয় কৃষকদের মাঝে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি নির্ধারিত দর ১০২ টাকা প্রতি লিটার করে জনপ্রতি ২ লিটার করে বিক্রয় করে দেওয়া হয়। কৃষকরা সুলভ মূল্যে তেল হাতে পান এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।
অবৈধভাবে ডিজেল, পেট্রোল বা অকটেন মজুতকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। অভিযুক্ত ব্যক্তিকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি, তবে কৃষি উৎপাদন সচল রাখতে আমরা জব্দকৃত তেল সাধারণ কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বণ্টন করে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
অভিযানকালে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন এবং ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনিক কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনস্বার্থে প্রশাসনের এমন তড়িৎ ও কার্যকর পদক্ষেপ এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন