নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার শেরকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেরকোল বাজারের মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট জব্দ করা হয়। সব মিলিয়ে প্রায় ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ তেল বিক্রয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও জানান তিনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন